হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে আহত ৩

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেলে হাতীবান্ধা সীমান্তবর্তী আমঝোল এলাকায় এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন- আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) ও নজরুল ইসলাম। স্থানীয়রা জানায়, শরিফা বেগম বিকেলে ধান খেতে ছাগল খুঁজতে যান। এ সময় ছাগলটির কাছে গেলে বাঘের আক্রমণের শিকার হন তিনি। পরে বাঘের আক্রমণে আরো দুজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যান।

হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক মামুন বলেন, বাঘের আক্রমণে আহত তিনজন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিলেন। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বিরুল হক মনা বলেন, বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে। রংপুর থেকে বন বিভাগের লোকজন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানান তিনি।