শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে দান সংগ্রহ ও অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে মাজারের তিনটি প্রচলিত দানবাক্স (ডেগ) সিলগালা করা হয়েছে এবং প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দানবাক্স স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন ) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। মাজারের প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বড় ও ছোট আকারের নতুন দানবাক্স বসানো হয়েছে। একই সঙ্গে দানবাক্সগুলোর নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রশাসনের কর্মকর্তারা জানান, এখন থেকে ভক্ত ও দর্শনার্থীদের দেওয়া সব ধরনের অনুদান নির্ধারিত দানবাক্সের মাধ্যমে সংগ্রহ করা হবে। এর ফলে দান ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক হবে বলে আশা করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, আগামী এক মাস জেলা প্রশাসন, ওয়াক্ফ এস্টেট ও মাজার কর্তৃপক্ষ যৌথভাবে আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ করবে। পরবর্তী সময়ে ডিজিটাল পদ্ধতিতে হিসাব রক্ষণ, নিয়মিত অডিট এবং একটি স্বচ্ছ আর্থিক নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, মাজারের আয়-ব্যয় নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও আলোচনা ছিল। সম্প্রতি বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের আলোচনার পর আর্থিক ব্যবস্থাপনায় অধিক স্বচ্ছতা আনার লক্ষ্যে প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে।