এনসিপির মামলায় হবিগঞ্জ ছাত্রদলের ১১ নেতার জামিন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২ আগস্ট) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১–এর বিচারক আব্দুল মান্নানের আদালতে আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত তাদের জামিন দেন।

৩০ জুলাই হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়। মামলাটি করেন হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল।

ওই মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে, ৩০ জুলাই মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যাওয়ার পথে এনসিপির নেতাদের গাড়িবহর কয়েক দফা আটকে দেয় পুলিশ। পরে প্রায় চার ঘণ্টা পর বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বসে দলের নেতারা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে দাবি করা হয়, আগের দিন হবিগঞ্জ শহরে দলের পদযাত্রা শেষে ফেরার পথে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা হামলা চালান। ওই ঘটনায় কয়েকজন নেতা-কর্মী আহত হন।

এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এনসিপির অভিযোগ ছিল, শান্তিপূর্ণ কর্মসূচি পালনে পুলিশ বাধা দিয়েছে। তবে জেলা পুলিশ বলেছিল, এনসিপি ১৪৪ ধারা অমান্য করে শহরে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কামাইছড়া এলাকায় অবস্থান নেওয়া হয়।