দিন-দুপুরে সড়কে ব্যারিকেড দিয়ে বাসে ডাকাতি

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম

কক্সবাজারের টেকনাফে দিনদুপুরে হাইওয়ে সড়কে ব্যারিকেড দিয়ে একটি যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে এক যাত্রী আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুরে টেকনাফের দমদমিয়া সংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত মো. আল আরমান (২৫) টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দমদমিয়া ব্রিজ এলাকায় হাইওয়ে সড়কে টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্যারিকেড দিয়ে থামিয়ে ডাকাতি করা হয়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাকাতরা বাসের যাত্রীদের পাশাপাশি বিকাশের এজেন্টদের কাছ থেকে টাকা লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরাইয়া বলেন, ছুরিকাঘাতে আহত মো. আল আরমানকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থার বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দমদমিয়া সংলগ্ন হাইওয়ে সড়কে ডাকাতির খবর পেয়ে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে। 

MU/AHA
আরও পড়ুন