অন্যকে ফাঁসাতে মেয়েকে হত্যার ঘটনায় বাবার মৃত্যুদণ্ড

প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে তিন বছরের কন্যা রুনা বেগমকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি গভীর রাতে কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মেয়ে রুনা বেগমের গলা কেটে হত্যা করেন শরীফ আলী। প্রতিবেশী ছালেক মিয়াকে ফাঁসানোর উদ্দেশ্যে তিনি পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর নিহত শিশুর মা নেকজান বিবি বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেন। পরে পুলিশ শরীফ আলীকে আটক করলে তিনি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। দীর্ঘ প্রায় ১২ বছর পর সোমবার মামলাটির রায় ঘোষণা করা হয়। রায়ে আদালত আসামি শরীফ আলীকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট তোফায়েল আহমেদ বলেন, প্রতিবেশী ছালেক মিয়াকে ফাঁসাতে গিয়ে শরীফ আলী নিজের সন্তানকে ঘুমন্ত অবস্থায় হত্যা করেন। এ ঘটনায় আদালত তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।