সিলেট ও সুনামগঞ্জ সফরে আসছেন সরকারের তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সিলেটে আসবেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সকাল ১১টা ২০ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। পরে সিলেট সার্কিট হাউসে ইসকনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
দুপুর সাড়ে ১২টায় নাইওরপুলে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’-এর কার্যক্রম ও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সিলেট সার্কিট হাউসে ‘সিলেটের কৃষি সম্প্রসারণ: বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও উত্তরণের কৌশল’ শীর্ষক উপস্থাপনা ও আলোচনায় অংশ নেবেন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে তাঁর।
অন্যদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বিকেল ৪টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সুনামগঞ্জের উদ্দেশে রওনা দেবেন। বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে পৌঁছানোর পর সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসনের আয়োজনে ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেবেন।
পরে সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। রাতে সিলেটে ফিরে নিজ বাসভবনে অবস্থান করবেন।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কানাইঘাটের উদ্দেশে রওনা দেবেন আরিফুল হক চৌধুরী। বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের পাঁচ প্রবাসী কর্মীর পরিবারের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করবেন। রাতে সিলেট থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
এদিকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সকাল ১১টা ৩০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। পরে হোটেল গ্র্যান্ড সিলেটে গিয়ে দুপুর ১টায় ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’-এর নতুন অফিস ভবন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন।
বিকেল ৩টায় সিলেট গণপূর্ত জোনের আওতায় চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে পর্যালোচনা সভায় যোগ দেবেন প্রতিমন্ত্রী। এরপর বিকেল সাড়ে ৩টায় প্রবাসীদের আবাসন প্রকল্পের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত স্থান পরিদর্শন করবেন। রাতে হোটেল গ্র্যান্ড সিলেটে অবস্থান করবেন তিনি।
বুধবার সকালে জাফলং ও কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটন স্পট পরিদর্শনের কর্মসূচি রয়েছে প্রতিমন্ত্রীর। পরে রাতে বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে তাঁর।