সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে পানিতে ডুবে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহীর মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহী জেলার ১৭ নম্বর রাজশাহী সিটি করপোরেশনের মধ্যনওদাপাড়া এলাকার বাসিন্দা এবং বন বিভাগে কর্মরত নুরুল ইসলাম বাবুর ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান, বুধবার সকালে জেলার মধ্যনগর উপজেলা থেকে নিহত আব্দুল মাজেদ পিকলুসহ ১০ জন মিলে একটি পর্যটকবাহী নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে রওনা হন। সকাল ১০টার দিকে নৌকাটি তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারের মসজিদের পাশে মানাই নদীতে নোঙর করে।
এ সময় গোসল করার জন্য কয়েকজন পর্যটক নৌকা থেকে পানিতে লাফ দেন। অনেকেই পরে নৌকায় উঠে এলেও আব্দুল মাজেদ পিকলু পানির নিচ থেকে আর উঠে আসেননি। পরে স্থানীয় এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে পানির নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।