সিলেট মহানগরে হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্বজনদের অভিযোগ, স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় এক ব্যক্তি ও তার সঙ্গীরা হৃদয়কে ছুরিকাঘাতে হত্যা করে।
সোমবার (১২ অক্টোবর) সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির এই হত্যাকাণ্ডের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে নগরের সুইপার কলোনির কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় কুমার হরিজন কাস্টঘর এলাকার বাসিন্দা। তিনি সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কাস্টঘর এলাকায় হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন এক ব্যক্তি। বিষয়টি দেখে হৃদয় এর প্রতিবাদ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি মুঠোফোনে আরও কয়েকজনকে ডেকে নেন। পরে তারা হৃদয়কে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিলেট কোতোয়ালী থানার ওসি খান মো. মাইনুল জাকির বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আনা হবে। তার মরদেহ ময়তা তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।