উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার: রিমান্ড শেষে কারাগারে সাবির-তানিম 

উগ্রবাদী সংগঠনে সম্পৃক্ততার সন্দেহে ঢাকার যাত্রবাড়ী থেকে গ্রেপ্তার হওয়া শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

শনিবার (১১ জুলাই) বিকেলে দুই দফায় ৬ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর এ বি সিদ্দিক।

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মাসুম খান এতথ্য নিশ্চিত করেছেন।

গত ৫ জুলাই (রোববার) আসামিদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরদিন ফের তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।
 
গত ৫ জুলাই ভোর সাড়ে ৬ টার দিকে উগ্রবাদী ফাতাহ কমব্যাটের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গত বুধবার একই অভিযোগে গ্রেপ্তার জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান এবং বায়োজিত রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে গত ৯ জুলাই যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’-এর সক্রিয় সদস্য সন্দেহে তাহসীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকেও ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।