যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেলো মাদ্রাসাছাত্রের

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মাহিম কিশোরগঞ্জ সদর উপজেলার দীন ইসলামের ছেলে। সে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থেকে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করত।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে কাজলা স্কুল গলি দিয়ে যাওয়ার সময় একদল কিশোর মাহিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভগ্নিপতি মো. রাফি জানান, ঠিক কী কারণে বা কারা মাহিমকে এভাবে হত্যা করল, সে বিষয়ে তারা কিছুই বুঝতে পারছেন না। পরিবারের পক্ষ থেকে দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাহিমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে এবং তারা ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।