শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা, নিউমার্কেট থানায় মামলা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম

রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঞ্চল্যকর টিটন হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৮ থেকে ৯ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় খন্দকার নাঈম আহমেদ টিটনকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতকরা। 

উল্লেখ্য, ৫১ বছর বয়সী টিটন ২০০১ সালে তৎকালীন সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন ছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। টিটন ছিলেন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের আপন শ্যালক (স্ত্রীর বড় ভাই)। এই হত্যাকাণ্ডে ইমনের কোনো যোগসূত্র আছে কি না, পুলিশ তা গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন জানান, রাজধানীর বসিলা গরুর হাটের ইজারা নিয়ে কুখ্যাত সন্ত্রাসী ‘পিচ্চি হেলালে’র সাথে টিটনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। তবে টিটন পরিবারকে জানিয়েছিলেন যে, এই ঝামেলা মিটমাট হয়ে যাওয়ার পথে। এরই মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।

অন্যদিকে, ভগ্নিপতি ইমনের সাথে বিরোধের বিষয়টি পরিবার অস্বীকার করেছে। স্বজনদের দাবি, পরিবারের ভেতরে ছোটখাটো সমস্যা থাকলেও তা হত্যার পর্যায়ে যাওয়ার মতো কিছু ছিল না। তবে রিপন বেশ কয়েকজনের নাম পুলিশকে জানিয়েছেন যাদের ওপর তার সন্দেহ রয়েছে।

নিউমার্কেট থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার, গরুর হাটের ইজারা এবং আন্ডারওয়ার্ল্ডের পুরনো শত্রুতা-সবগুলো বিষয়কেই সামনে রেখে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘাতকদের শনাক্ত করার চেষ্টা চলছে।

FJ
আরও পড়ুন