ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ জাকারিয়া মোল্লা (৬৩) নামের এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাবন্দি ছিলেন।
সোমবার (৫ অক্টোবর) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ২৭ সেপ্টেম্বর কারাগারে অসুস্থ হয়ে পড়লে জাকারিয়া মোল্লাকে ওইদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
কারারক্ষী আমিরুল ইসলাম জানান, জাকারিয়া মোল্লা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে ভর্তি দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। তিনি জানান, জাকারিয়া মোল্লা বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাবন্দি ছিলেন। তার কয়েদি নম্বর ১৭৯৮/এ। তিনি ঢাকার পিলখানা এলাকার মৃত হারুন অর রশিদ মোল্লার সন্তান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।