ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সে হামলার মামলায় কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে পরবর্তী শুনানিতে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। তাকে সরাসরি আদালতে হাজির করা না গেলে ভিডিও লিংকের মাধ্যমে শুনানিতে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৫ আগস্ট) ইসলামাবাদে অনুষ্ঠিত শুনানিতে বিচারক তাহির আব্বাস সিপ্রা এ নির্দেশ দেন। মামলাটি ২০২৩ সালে ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সে ইমরান খানের সমর্থকদের হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল।
২০২৩ সালে একটি মামলায় জামিন নিতে ইমরান খান জুডিশিয়াল কমপ্লেক্সে গেলে তার সমর্থকেরা সেখানে ব্যাপক হাঙ্গামা করেন। তারা নিরাপত্তা গেট ভেঙে কমপ্লেক্সের ভেতরে ঢুকে ভাঙচুর চালান। পরে ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
সোমবারের শুনানিতে আদালত আরও কয়েকজন আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মামলায় হাজির না হওয়ায় ফারুক হাবিব, হাম্মাদ আজহার, মুরাদ সাঈদ ও শিবলি ফারাজকে পলাতক ঘোষণা করে তাদের সম্পত্তির বিবরণ চাওয়া হয়েছে।
এ ছাড়া পাঞ্জাব বিধানসভার সাবেক স্পিকার ওয়াসিক কাইয়ুম আব্বাসী এবং নেতা হাসান নিয়াজির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলাটির পরবর্তী শুনানি আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
'এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে মার্কিন জাহাজ'
ইরানে আবার যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চল জ্বলবে: আবদোল্লাহি
প্লেগ সন্দেহে রুশ ল্যাব কর্মীর মৃত্যু, নিবিড় নজরদারি রাখছে যুক্তরাষ্ট্র