রাজধানীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

রাজধানীর হাজারীবাগে ‘কিশোর গ্যাংয়ের’ ছুরিকাঘাতে আহত হয়ে শাহাদত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত শান্ত হাজারীবাগ লেন এলাকার বাসিন্দা ছিল। তার বাবা আফজাল হোসেন এলিফ্যান্ট রোড এলাকার একটি ব্লেজারের দোকানের কর্মী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বৃহস্পতিবার রাতে ছুরিকাহত অবস্থায় শান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

নিহতের বাবা আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় কিশোর গ্যাংয়ের পাঁচ-ছয়জন হাজারীবাগ পার্ক এলাকায় সাইকেল চুরি করতে গেলে এলাকাবাসী তাদের দেখে ধাওয়া দেয়। তার ছেলে শান্তও এলাকাবাসীর সঙ্গে চোরদের ধরতে দৌড়ে যায়।

তিনি বলেন, ‘এক পর্যায়ে চুরি করতে আসা কিশোরেরা শান্তর বুকের বামে পাশে ছুরিকাঘাত করে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। কিন্তু তাকে আর বাঁচাতে পারলাম না।’

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন হাজারীবাগ থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম।