টেক্সটাইল খাতে উন্নয়নে ‘উদ্ভাবন ও গবেষণা’র বিকল্প নেই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতকে বিশ্ববাজারে শীর্ষ অবস্থানে রাখতে হলে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রায় ৬০ লাখ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টিকারী এ খাত দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি।

শনিবার (২০ জুন)  রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস আয়োজিত ‘৪র্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইসিটিএসই-২০২৬)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কাঁচামালের ওপর নির্ভরতা কমিয়ে গবেষণার মাধ্যমে নতুন পথ খুঁজে বের করতে হবে।

তিনি তৈরি পোশাক শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও গ্রিন টেক্সটাইল প্রযুক্তির টেকসই অভিযোজনের আহ্বান জানান। মন্ত্রী বলেন, এআই কর্মসংস্থান কেড়ে নেবে না, বরং পণ্যের গুণগত মান উন্নয়ন, সৃজনশীল ডিজাইন এবং বৈশ্বিক বিপণনে সহায়তা করবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিবেশবান্ধব গ্রিন টেক্সটাইল ও পুনর্ব্যবহার ব্যবস্থা জোরদারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

ঢাকার ঐতিহাসিক মসলিন কাপড়ের গৌরবময় অতীতের কথা স্মরণ করে তিনি বলেন, আধুনিক বিজ্ঞানের মাধ্যমে সেই সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। পরিবেশ রক্ষায় সিনথেটিক ব্যাগের পরিবর্তে পচনশীল পাটের ব্যাগ ব্যবহারের ওপর জোর দিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণ করা হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টেক্সটাইল বিজ্ঞানী মাইকেল কোকেন।

এর আগে মন্ত্রী দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুটেক্সের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর উদ্বোধন করেন।