২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে আজ। শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। ভর্তি নিশ্চায়ন ও অন্যান্য প্রক্রিয়া শেষে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে অনলাইনে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রাথমিক আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
ভর্তি সূচি অনুযায়ী, ২ থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের কারণে ফল পরিবর্তিত হলে ১২ ও ১৩ সেপ্টেম্বর আবেদন ও পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে।
প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিতদের ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম চলবে। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।
নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসনে মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।