জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৩ জানুয়ারি।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াসউদ্দিন স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা ২৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
আবেদন ফি ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের জন্য ১ হাজার ২০০ টাকা এবং ‘ই’ ইউনিটের জন্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১ জানুয়ারি ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ), ৮ জানুয়ারি ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ), ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিটের (কলা অনুষদ ও আইন অনুষদ), ২২ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে।
আবেদনের যোগ্যতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ বা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও এসএসসি বা সমমান পরীক্ষার যোগ্যতার শর্ত পূরণ করলে আবেদনের সুযোগ পাবেন।
এ ছাড়া এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত ভর্তি-যোগ্যতা পূরণে ব্যর্থ হলে তাঁর আবেদন বাতিল বলে গণ্য হবে। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে বিদেশি শিক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
সংবাদমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি, ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার
বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান আর নেই