জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। একই সঙ্গে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অব্যাহতি পেয়েছেন।
একই দিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে। অন্যদিকে জাবির বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে জাবির উপাচার্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদে কর্মরত ছিলেন, যে পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।
পৃথক আরেক প্রজ্ঞাপনে জাবির বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে তাঁর মূল পদ অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে পুনরায় যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনগুলোর শর্তানুযায়ী, নবনিযুক্ত উভয় উপাচার্যই যোগদানের তারিখ থেকে চার বছর অথবা স্বাভাবিক অবসর গ্রহণের বয়সসীমা—যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। নিজ পদে প্রচলিত বেতন-ভাতাদিসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তারা। একই সঙ্গে প্রশাসনিক প্রধান নির্বাহী হিসেবে উভয়কেই নিজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার এখতিয়ার রাখেন।