ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসাগুলোর বিভিন্ন কোর্সের পরীক্ষার ফিসহ অন্যান্য ফি যৌক্তিক পর্যায়ে কমানোর আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।
রোববার (১৮ অক্টোবর) অধিভুক্ত মাদ্রাসার অধ্যক্ষদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
উপাচার্য বলেন, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো যৌক্তিক দাবি পূরণে আন্তরিক। তবে দাবিগুলো অবশ্যই যৌক্তিক হতে হবে।
সভায় মাদ্রাসার অধ্যক্ষরা অধিভুক্তি নবায়ন, পরীক্ষা ও নিবন্ধন ফিসহ বিভিন্ন খাতের খরচ শিক্ষার্থীদের সাধ্যের বাইরে চলে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। তাঁরা এসব ফি কমানোর দাবি জানান।
জবাবে উপাচার্য বলেন, আগে ফাজিল পাস ও কামিল মাস্টার্স কোর্সে চারটি করে বিষয় থাকলেও বর্তমানে প্রতিটি কোর্সে সাতটি করে বিষয় রয়েছে। বিষয়সংখ্যা বেড়ে যাওয়ায় ফরম পূরণের ফিও বেড়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ কে মুহা. নুরুল ইসলাম, দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক