জবি ক্যাম্পাসে নাশকতার চেষ্টা প্রতিহতের আহ্বান উপাচার্যের

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে বাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) রাতে বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে যান উপাচার্য। সেখানে তিনি বলেন, ক্যাম্পাস থেকে মাগরিবের পর বের হওয়ার সময় নিরাপত্তাকর্মীদের সতর্ক থাকতে বলেছিলেন। তাঁর ভাষ্য, বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে উপাচার্য বলেন, ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা একজনকে আটক করেছেন। তাঁর পরিচয়ও জানা গেছে। দেশজুড়ে অরাজকতা তৈরির প্রচেষ্টার অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও এ ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতা ও সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ক্যাম্পাসে কেউ ষড়যন্ত্রের জাল বিস্তারের চেষ্টা করলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের দ্বিতীয় গেটের সামনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। বিস্ফোরণে বাসটির সামান্য ক্ষতি হলেও কেউ হতাহত হননি।

ঘটনার পর শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নেন। একপর্যায়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ানকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে আটক করেন তাঁরা। ছাত্রদল নেতাকর্মীদের দাবি, তাঁর কাছে ককটেল পাওয়া গেছে এবং মোবাইল ফোনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য মিলেছে। পরে তাঁকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে।

তিনি আরও বলেন, বিকেলের দিকে সাধারণত প্রথম গেট ছাড়া অন্য গেটগুলো বন্ধ রাখা হয়। ক্যাম্পাসের আশপাশেও নিরাপত্তাকর্মীরা সতর্ক থাকেন। তবে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় তাঁরা হয়তো ভেতরের দিকে অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা সেই সুযোগ কাজে লাগিয়ে ককটেল নিক্ষেপ করে থাকতে পারে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত