বুয়েটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আসন ১৩০৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ৮ জানুয়ারি পর্যন্ত।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন রয়েছে ১ হাজার ৩০৯টি। এর মধ্যে সাধারণ শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৩০৫টি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত চারটি আসন সংরক্ষিত রয়েছে।

বুয়েটে ভর্তি আবেদনের যোগ্যতা

বুয়েটে ভর্তির আবেদন করতে হলে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ-৪.০০ থাকতে হবে। পাশাপাশি এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫.০০ পেতে হবে। উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন- তিনটি বিষয়ের প্রতিটিতে পৃথকভাবে জিপি-৫.০০ থাকতে হবে।

এছাড়া ২০২৩ সালে এসএসসি এবং ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যেসব শিক্ষার্থী ২০২৫ সালের ২ ডিসেম্বরের পর শিক্ষা বোর্ড থেকে সংশোধিত ফল পেয়েছেন, তারাও নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিসহ অন্তত পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। আর ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের মধ্যে দুটি বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড এবং অন্যটিতে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী সবাই সরাসরি ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না। যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে প্রথম ১০ হাজার জনকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে প্রাপ্ত মোট নম্বরকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজনে উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞানে প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে। তবে দশ হাজারতম আবেদনকারীর সমান নম্বর পাওয়া অন্য শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

অন্যদিকে, ইংরেজি মাধ্যমের যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে সর্বোচ্চ ৩০০ জনকে ভর্তি পরীক্ষার জন্য বাছাই করা হবে। তবে ন্যূনতম যোগ্যতা পূরণকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত সব আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষায় পাসের শর্ত

প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির যোগ্যতা অর্জন করতে হলে মডিউল ‘এ’ পরীক্ষায় ন্যূনতম ২০০ নম্বর পেতে হবে। বায়োমেডিক্যাল কৌশল বিভাগে ভর্তির জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপি-৪.০০ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘এ’ লেভেলে জীববিজ্ঞানে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।

অন্যদিকে স্থাপত্য বিভাগে ভর্তির যোগ্যতা অর্জনের জন্য মডিউল 'বি' পরীক্ষায় অন্তত ১৬০ নম্বর পেতে হবে। এ বিভাগের মেধাতালিকা তৈরিতে মডিউল 'এ' পরীক্ষার নম্বরের ৩০ শতাংশ এবং মডিউল 'বি' পরীক্ষার নম্বরের ৭০ শতাংশ বিবেচনা করা হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের বুয়েটের ওয়েবসাইটে (www.buet.ac.bd) প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে আবেদন ফরম পূরণ ও জমা দেওয়ার পর একটি অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর দেওয়া হবে। পরে ওই নম্বর ব্যবহার করে নির্ধারিত পদ্ধতিতে আবেদন ফি জমা দিতে হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত নির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।