ছয় দশকেও চালু হয়নি জয়পুরহাটের চুনাপাথর খনি

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম

ষাটের দশকের শুরুতে জয়পুরহাটের চাকগোপাল এলাকায় চুনাপাথরের সন্ধান মেলে। এরপর খনিজ সম্পদটি উত্তোলনের উদ্যোগ নেওয়া হলেও নানা সংকট ও জটিলতায় তা বাস্তবায়িত হয়নি। একাধিকবার জরিপ, প্রকল্প অনুমোদন ও অবকাঠামো নির্মাণের পরও ছয় দশক পেরিয়ে গেছে, চালু হয়নি খনিটি। সম্ভাবনাময় খনিজ সম্পদ এখনো মাটির গভীরে পড়ে আছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৬৬-৬৭ সালে ওই এলাকায় খনিজ সম্পদের পরিমাণ ও উত্তোলনের সম্ভাবনা যাচাইয়ে জরিপ চালানো হয়। বিদেশি পরামর্শক প্রতিষ্ঠানের সমীক্ষায় বছরে ১৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন সিমেন্ট উৎপাদনের পরিকল্পনার কথা উঠে আসে। প্রায় ৬ দশমিক ৪৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে চুনাপাথরের মজুত প্রায় ২৭ কোটি মেট্রিক টন বলে ধারণা করা হয়। এর মধ্যে প্রায় ১০ কোটি মেট্রিক টন উত্তোলনযোগ্য বলে মত দেন বিশেষজ্ঞরা। ভূগর্ভের ৫১৫ থেকে ৫৪১ মিটার গভীরে রয়েছে এই খনিজ সম্পদ।

প্রকল্প অনুমোদন, শুরু হয় খনি উন্নয়নের কাজ

চুনাপাথর উত্তোলনের সম্ভাবনা কাজে লাগাতে ১৯৭৪ সালে সরকার প্রকল্প অনুমোদন করে। পরে ১৯৮১ সালে একটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। প্রকল্পের প্রাথমিক পর্যায়ে ২১টি বোরহোল খনন করা হয়। একই সঙ্গে ভূগর্ভে প্রবেশের পথ তৈরি ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়।

Joypur 1

পরিকল্পনা অনুযায়ী, খনি থেকে প্রতিদিন ৫ হাজার ৫০০ মেট্রিক টন চুনাপাথর উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এই খনিজ সম্পদ ব্যবহার করে সিমেন্ট উৎপাদনের পরিকল্পনাও ছিল। এতে দেশের সিমেন্টশিল্পে স্থানীয় কাঁচামালের জোগান বাড়ার পাশাপাশি জয়পুরহাটে নতুন শিল্পকারখানা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে ভূগর্ভে পানির প্রচণ্ড চাপ, কারিগরি জটিলতা ও বিপুল অর্থায়নের প্রয়োজনসহ নানা কারণে প্রকল্পের কাজ থমকে যায়। একপর্যায়ে বন্ধ হয়ে যায় খনি উন্নয়নের উদ্যোগ। এরপর আর বাণিজ্যিকভাবে চুনাপাথর উত্তোলন শুরু করা সম্ভব হয়নি।

পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে প্রকল্প এলাকা

একসময় যেখানে খনি ও সিমেন্ট কারখানা ঘিরে শিল্পায়নের স্বপ্ন দেখেছিলেন স্থানীয়রা, বর্তমানে সেই প্রকল্প এলাকা অনেকটাই পরিত্যক্ত। সেখানে নেই চুনাপাথর উত্তোলন কিংবা সিমেন্ট উৎপাদনের কার্যক্রম। পুরোনো অবকাঠামোর বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। সম্প্রতি কিছু অংশে ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণ করা হলেও খনির কার্যক্রম শুরু হয়নি।

স্থানীয় বাসিন্দা মোয়াজ্জেম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে খনিটি চালুর অপেক্ষায় রয়েছেন এলাকার মানুষ। প্রকল্পটি বাস্তবায়িত হলে জয়পুরহাটে শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হতো। কিন্তু দীর্ঘসূত্রতায় সেই স্বপ্ন পূরণ হয়নি। পুরোনো অবকাঠামোও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। নতুন করে সরকারি উদ্যোগ না নিলে একসময় খনির সম্ভাবনা শুধু ইতিহাস হয়েই থাকবে। প্রকল্পের কর্মচারী আবদুর রশিদ বলেন, একসময় এখানে অফিস, আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ছিল। প্রকল্প ঘিরে কার্যক্রমও চলত। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকায় সেগুলোর বেশির ভাগই নষ্ট হয়ে গেছে।

আমদানি নির্ভরতা কমানোর সম্ভাবনা

দেশের সিমেন্টশিল্পের কাঁচামালের একটি বড় অংশ আমদানিনির্ভর। জয়পুরহাটের চুনাপাথর খনি চালু করা গেলে স্থানীয়ভাবে কাঁচামাল সরবরাহের সুযোগ তৈরি হতে পারে। এতে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি সিমেন্ট কারখানাগুলোর উৎপাদন ব্যয় কমানো এবং নতুন কর্মসংস্থান তৈরির সম্ভাবনা রয়েছে।

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু বলেন, দেশের সিমেন্টশিল্পে কাঁচামালের জন্য উল্লেখযোগ্য পরিমাণে আমদানির ওপর নির্ভর করতে হয়। জয়পুরহাটের চুনাপাথর খনি চালু করা গেলে স্থানীয় শিল্পকারখানায় কাঁচামাল সরবরাহ সম্ভব হবে। এতে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও জেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

জেএম
আরও পড়ুন