১ম ও ২য় স্থান অর্জনকারী ক্যাডেটদের সম্মাননা প্রদান

বাংলাদেশ ক্যাডেট কলেজগুলো থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকরা ক্যাডেট পরীক্ষার্থীদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট বোর্ড ফলাফলে ১ম ও ২য় স্থান অর্জনকারী ক্যাডেটদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন। এ সময় ক্যাডেটদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

এসএসসি পরীক্ষার বোর্ড ফলাফলে মেধা তালিকায় এবার রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ক্যাডেট মুহতাসিম ফুয়াদ ১ম স্থান ও ক্যাডেট মো. নাহিদ মুর্শেদ শাহ ২য় স্থান, ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ক্যাডেট মো. শাহরিয়ার রহমান, রংপুর ক্যাডেট কলেজ থেকে ক্যাডেট রায়হান কবির ও বরিশাল ক্যাডেট কলেজ থেকে ক্যাডেট সৈয়দ আল ওয়াসী ২য় স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ কৃতি ক্যাডেটগণ ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানান। তাদের এই অর্জন ক্যাডেট কলেজের ঐতিহ্য ও সুনামকে সমুন্নত রাখবে ও অন্যান্য ক্যাডেটদের সাফল্য অর্জনে অনুপ্রেরণা যোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।