বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৪৪টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।
আইএসপিআর প্রকাশিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

সমন্বয় সভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম।
সভায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের নীতিনির্ধারণসহ সার্বিক বিষয়সমূহ আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (কলেজ) নির্বাচিত হওয়ায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজকে সম্মাননা ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান (কলেজ) নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে সম্মাননা ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথি তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি শিক্ষার বিস্তারে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানসমূহের অবদানকে আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানান।
সমন্বয় সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক, শিক্ষা পরিদপ্তর: পরিচালক (প্রশাসন), সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষগণসহ অন্যান্য সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

