মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন তিনি।
পোস্টে জোভান জানান, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে বাইক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তবে আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে উল্লেখ করেন অভিনেতা। একই সঙ্গে ঘটনাটিকে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবেও বর্ণনা করেছেন তিনি।
জোভান লিখেছেন, ‘কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।’
দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অনেক সময় চালকেরা ভাবেন একটু বেশি গতিতে চললে বা নিজের দক্ষতার ওপর ভরসা করলেই সবকিছু নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে এবং কার সঙ্গে ঘটবে, তা আগে থেকে জানা সম্ভব নয়। কয়েক সেকেন্ডের অসাবধানতাই জীবনকে বদলে দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনতা বাড়াতে জোভান সবাইকে হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, পরিবারের সদস্য ও প্রিয়জনদের কথা বিবেচনা করেই নিরাপদে চলাচল করা উচিত।
পোস্টের শেষাংশে অভিনেতা লেখেন, ‘গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
জোভানের এই পোস্টের পর ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানিয়েছেন অনেকেই।