জুলাই মাসে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে পারেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান এমন গুঞ্জনে সরগরম বি-টাউন। এরই মধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তার প্রাক্তন স্ত্রী ও নির্মাতা কিরণ রাও। তবে কোনো নতুন সিনেমা নয়, বরং নিজের ব্যতিক্রমী ফ্যাশন স্টাইলের কারণেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন তিনি।
ফ্যাশনের ক্ষেত্রে বরাবরই প্রচলিত ধারা থেকে ভিন্ন পথে হাঁটতে পছন্দ করেন কিরণ। সম্প্রতি ‘লগান’ সিনেমার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ছেলে আজাদকে সঙ্গে নিয়ে উপস্থিত হন তিনি। সেখানেই তার অভিনব পোশাক ও স্বতন্ত্র উপস্থিতি সবার নজর কাড়ে।
অনুষ্ঠানে কিরণের পরনে ছিল সাদা-কালো চেকের একটি শাড়ি, যা তিনি গামছা-স্টাইলে গিঁট বেঁধে পরেছিলেন। ব্লাউজের পরিবর্তে পরেছিলেন কালো রঙের একটি টি-শার্ট। সেই টি-শার্টে লেখা ছিল, ‘খোঁজ পেলে যোগাযোগ করবেন।’ চোখে চশমা, কপালে ছোট্ট টিপ এবং একেবারেই মেকআপবিহীন উপস্থিতিতে তিনি লাল গালিচায় ছেলে আজাদের সঙ্গে হাসিমুখে পোজ দেন।

তবে অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা। অনেকেই আমির খানের সম্ভাব্য তৃতীয় বিয়ের প্রসঙ্গ টেনে কিরণকে কটাক্ষ করেন। একজন মন্তব্য করেন, ‘আমিরের তৃতীয় বিয়েতেও কি তিনি এই পোশাক পরবেন?’ আবার কেউ প্রশ্ন তোলেন, ‘কিরণ রাও আসলে কী পরেছেন, সেটা কি কেউ বুঝিয়ে বলবেন?’ অনেকের মতে, এমন একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জন্য তার পোশাক ছিল বেমানান।
তবে সমালোচনার পাশাপাশি কিরণের পাশে দাঁড়িয়েছেন তার অনুরাগীরাও। তাদের মতে, কিরণ কখনোই প্রচলিত তারকাসুলভ চাকচিক্যের পেছনে ছোটেন না; বরং নিজের স্বকীয়তাকেই প্রাধান্য দেন। ভক্তদের ভাষায়, ব্যক্তিত্বের প্রকাশই তার ফ্যাশনের মূল শক্তি।
ব্যক্তিগত জীবনে ২০২১ সালে আমির খানের সঙ্গে বিচ্ছেদ হলেও দুজনের মধ্যে এখনো সুসম্পর্ক বজায় রয়েছে। ছেলে আজাদের অভিভাবকত্বও যৌথভাবে পালন করছেন তারা। অন্যদিকে নির্মাতা হিসেবেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন কিরণ রাও। তার পরিচালিত ‘লাপাতা লেডিজ’ আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে এবং অস্কারের দৌড়ে আলোচনায় ছিল।
তবে পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও ফ্যাশন স্টাইল নিয়েও যে তিনি নিয়মিত আলোচনায় থাকেন, সাম্প্রতিক এই ঘটনাই তার আরেকটি প্রমাণ।
এবার সাংবাদিক চরিত্রে ওটিটিতে ফিরছেন অপূর্ব
নতুন বিয়ের ঘোষণা দিলেন আমির, রসিকতায় মাতলেন কাজল
অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্ত এবার সিআইডি’র হাতে