মাল্টিপ্লেক্সে ‘রকস্টার’কে ছাড়িয়ে গেল ‘রইদ’

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৪:৩২ পিএম

ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমাগুলোর মধ্যে ছিল আজমান রুশোর ‘রকস্টার’ এবং মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। মুক্তির পর দর্শক আগ্রহ ও আলোচনায় দুটি ছবিই জায়গা করে নিলেও সময়ের সঙ্গে পাল্টেছে চিত্র।

মুক্তির শুরুতে তারকা অভিনেতা শাকিব খান এর জনপ্রিয়তার সুবাদে ‘রকস্টার’ দর্শক টানতে সক্ষম হয় এবং বক্স অফিসেও ভালো ব্যবসা করে। তবে সপ্তাহ পার হতেই ছবিটির প্রতি দর্শকের আগ্রহ কমতে শুরু করে। অনেকের মতে, দুর্বল চিত্রনাট্যই এর অন্যতম কারণ।

অন্যদিকে শক্তিশালী গল্প, পরিপাটি চিত্রনাট্য ও নির্মাণশৈলীর কারণে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ‘রইদ’। ফলে মুক্তির তিন সপ্তাহ পরও ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে।

মুক্তির ২১তম দিনে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ‘রকস্টার’-এর প্রদর্শনী সংখ্যা ছিল ২২টি। অনলাইন বুকিংয়ের তথ্য অনুযায়ী, এদিন ছবিটির টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ১ লাখ ২৯ হাজার টাকা।

অপরদিকে ‘রইদ’ একই দিনে ২৮টি শো পেয়েছে। ২১তম দিনে ছবিটির আয় হয়েছে প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা, যা ‘রকস্টার’-এর আয়ের প্রায় দ্বিগুণ।

তবে মোট আয়ের হিসাবে এখনো এগিয়ে রয়েছে ‘রকস্টার’। কিন্তু নির্মাণ ব্যয় ও বিনিয়োগ ফেরতের দিক থেকে ‘রইদ’ তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি দেশের বাইরেও ছবিটির প্রদর্শনী চলমান থাকায় আন্তর্জাতিক বাজার থেকেও উল্লেখযোগ্য আয় আসার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ‘রইদ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত এবং আহসাবুল ইয়ামিন রিয়াদ। অন্যদিকে ‘রকস্টার’-এ রয়েছেন শাকিব খান, সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, কাজী সাবির এবং তারিক আনাম খান।

AM
আরও পড়ুন
সর্বশেষপঠিত