‘ইনশাআল্লাহ, নেক্সট টাইম’ লিখলেন অভিনেত্রী

'একদিন বাংলাদেশও খেলবে, আর আমি দেশকে সমর্থন করব'

প্রিয় দলের বিদায়ে মন খারাপ হলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী স্বপ্ন দেখছেন অভিনেত্রী সাফা কবির। বিশ্বকাপের গ্যালারিতে দাঁড়িয়ে ব্রাজিলকে সমর্থন জানাতে গিয়ে তিনি একদিন এই মঞ্চে বাংলাদেশের খেলা দেখার স্বপ্নের কথাও প্রকাশ করেছেন।

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল–নরওয়ে ম্যাচ উপভোগ করেন সাফা কবির। গ্যালারি থেকে শেয়ার করা এক ছবিতে তাকে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে, হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ আমি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটা স্বপ্ন আছে, একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।

তবে ম্যাচের ফল তার আবেগে ছায়া ফেলে। শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল, আর সেই হারেই ভেঙে যায় গ্যালারির অনেক সমর্থকের মতো সাফা কবিরের মনও।

ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে থেকে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের পতাকা জড়িয়ে বিষণ্নভাবে হাঁটতে দেখা যায় তাকে। ভিডিওতে সাফা বলেন, ‘এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ আমরা আসব।’

ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ, নেক্সট টাইম।’ সঙ্গে ছিল একটি ভাঙা হৃদয়ের ইমোজি।

উল্লেখ্য, বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রিয় দলের এমন বিদায়ে শুধু সাফা কবির নন, অনেক তারকা ও সমর্থকের মধ্যেই তৈরি হয়েছে হতাশা ও আবেগঘন প্রতিক্রিয়া।