ফুটবলে আর্জেন্টিনার সমর্থক অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। বিশ্বকাপের প্রতিটি ম্যাচই আগ্রহ নিয়ে দেখছেন তিনি এবং প্রিয় দলের পারফরম্যান্স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়াও জানাচ্ছেন। মাঝে মাঝে প্রতিপক্ষ দল নিয়েও মজার মন্তব্য করতে দেখা যায় তাকে।
তবে এবার নিজের পছন্দের দলের ম্যাচ ঘিরে ভিন্ন এক বার্তা দিয়েছেন বর্ষা। বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামের এই ম্যাচে প্রিয় দল হারলেও মন খারাপ হবে না বলে জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে ‘খোঁজ দ্য সার্চ’ অভিনেত্রী লিখেছেন, ‘আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই, দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক; আমিন।’
বর্ষার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাঁর অনেক অনুসারী এই ভাবনার সঙ্গে একমত পোষণ করেছেন। আবার কেউ কেউ মনে করছেন, খেলাধুলার সঙ্গে ধর্মীয় বিষয় যুক্ত করা ঠিক নয়।
উল্লেখ্য, ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক হয় বর্ষার। এরপর মূলত স্বামী ও ব্যবসায়ী অনন্ত জলিলের প্রযোজিত ও অভিনীত সিনেমাতেই নিয়মিত দেখা গেছে তাকে। গত বছর অভিনয় থেকে বিরতি নিয়ে ইসলামের পথে জীবনযাপনের কথা জানিয়েছিলেন তারা। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে জানান, হাতে থাকা সিনেমার কাজ শেষ করবেন।
সম্প্রতি বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে বর্ষা ও অনন্ত জলিলকে। সামনে 'কিল হি ২' সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথাও রয়েছে এই অভিনেত্রীর।