দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১১:০৯ এএম

বিবেক ওবেরয়ের রামগোপাল বর্মার 'কোম্পানি' ছবির মাধ্যমে ২০০২ সালে বলিউডে অভিষেক হয়। প্রথম ছবিতেই নিজের অভিনয় দিয়ে সমালোচক ও দর্শকদের নজর কাড়েন তিনি। তবে সেই সাফল্যের ধারাবাহিকতা বেশি দিন ছিল না। ২০০৩ সালে সুপারস্টার সালমান খানের সঙ্গে প্রকাশ্য বিরোধের পর রাতারাতি বলিউডে কোণঠাসা হয়ে পড়েন এই অভিনেতা।

এরপর একের পর এক ছবির কাজ হাতছাড়া হতে থাকে। চারপাশ থেকে আসতে থাকে প্রত্যাখ্যান। পেশাগত সংকটের পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন বিবেক। এমন কঠিন সময়েই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন বন্ধু ও সহ-অভিনেতা অক্ষয় কুমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের কথা স্মরণ করে অক্ষয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিবেক।

অভিনেতার ভাষ্য, তখন তিনি কাজ না পেয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছিলেন। এমন একদিন হঠাৎই ফোন করেন অক্ষয় কুমার। বিবেক বলেন, ‘অক্ষয় কুমার আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন, কোথায় আছি। আমি বলেছিলাম, “বাড়িতে আছি, খুবই ভেঙে পড়েছি।” আধ ঘণ্টার মধ্যেই তিনি আমার বাড়িতে চলে আসেন। অনেকক্ষণ বসে কথা বলেন। জানতে চান, আমি কী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি।’

সান্ত্বনা দিতে গিয়ে অক্ষয় তাঁকে বাস্তববাদী একটি পরামর্শও দিয়েছিলেন। বিবেক জানান, অক্ষয় বলেছিলেন, ‘এই পরিস্থিতি আমি বদলাতে পারব না। তবে তোমার মানসিকতা ইতিবাচক করার চেষ্টা করতে পারি।’

বিবেকের মতে, অক্ষয় কখনও অবাস্তব প্রতিশ্রুতি দেননি। তিনি বলেন, ‘অক্ষয় বলেননি যে তিনি আমার হয়ে লড়াই করবেন বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াবেন। বরং খুব সহজ একটি পথ দেখিয়েছিলেন।’

তবে বলিউডের অলিখিত ‘বয়কট’ সংস্কৃতি থেকে বেরিয়ে আসা তাঁর জন্য সহজ ছিল না। প্রতিকূলতার মধ্যেও 'ওমকারা' ও 'শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা'র মতো ছবিতে অভিনয় করে আবারও নিজের দক্ষতার প্রমাণ দেন তিনি। প্রশংসা ও পুরস্কার পেলেও কাজের সুযোগ যে সহজে ফেরেনি, সেটিও অকপটে স্বীকার করেছেন এই অভিনেতা।

‘এই ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসা খুব কঠিন। নিজেকে বোঝাতাম, শুধু একটা ভালো ছবির অপেক্ষা করতে হবে। আমি “ওমকারা”, “শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা”র মতো ছবিতে কাজ করেছি। প্রশংসা ও পুরস্কারও পেয়েছি। তবু অনেকে বলতেন, “তোমার সঙ্গে কাজ করতে চাই, কিন্তু পারছি না। খুব চাপ রয়েছে”,’ বলেন বিবেক।

AM/YA
আরও পড়ুন