পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল, মানসিক হয়রানি ও ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনেছেন ছোটপর্দার অভিনেত্রী ও মডেল ফারিন খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক লাইভে নিজের কঠিন পরিস্থিতির কথা তুলে ধরে তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তবে অভিযুক্তের পরিচয় এখনই প্রকাশ করতে চান না এই অভিনেত্রী।
ফেসবুক লাইভে ফারিন বলেন, অভিনয়জগতের বাইরে তারও একটি ব্যক্তিগত জীবন রয়েছে, যা বরাবরই গণমাধ্যমের আড়ালে রাখতে চেয়েছেন। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বাধ্য হয়েই তাকে প্রকাশ্যে কথা বলতে হচ্ছে। নিজের মানসিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, তার চেহারা দেখলেই বোঝা যাবে কতটা মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন।
অভিনেত্রীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তার পূর্বপরিচিত। ওই ব্যক্তি ফারিনের সহকর্মীদের কাছে তার ব্যক্তিগত ভিডিও ও কথোপকথন পাঠাচ্ছেন। এমনকি যাদের কাছে এসব তথ্য পাঠানো হচ্ছে, তাদের সঙ্গেও সরাসরি কথা বলতে চান তিনি।
অভিযুক্তের আচরণের সমালোচনা করে ফারিন তাকে দ্বিমুখী ও প্রতারক হিসেবে আখ্যায়িত করেন। তার দাবি, ওই ব্যক্তি মালয়েশিয়ায় অবস্থান করেও বিভিন্ন ধর্মীয় বিষয় সামনে এনে নিজের সম্পর্কে মিথ্যা পরিচয় তুলে ধরছেন।
লাইভে নিজের ডিজিটাল নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ফারিন। তিনি জানান, একাধিকবার তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও মুঠোফোন হ্যাক করা হয়েছে। তার ব্যক্তিগত বিভিন্ন নথিপত্রও অভিযুক্তের কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, তার কোনো ব্যক্তিগত কথোপকথন, ভিডিও বা অন্যান্য তথ্য কারও কাছে পাঠানো হলে যেন তাকে বিষয়টি জানানো হয়। ভবিষ্যতে তার ব্যক্তিগত কোনো তথ্য প্রকাশ্যে এলে এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে, আগামী দুই থেকে তিন দিন শুটিং নিয়ে ব্যস্ত থাকায় আপাতত অভিযুক্তের নাম প্রকাশ করছেন না ফারিন। কাজের ব্যস্ততা শেষ হলে অভিভাবকদের সঙ্গে নিয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন তিনি। সেখানেই পুরো ঘটনা বিস্তারিত তুলে ধরার পাশাপাশি অভিযুক্তের পরিচয় প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তার।
লাইভের শেষদিকে নিজের জন্য সবার কাছে দোয়া চান এই অভিনেত্রী। এমন পরিস্থিতি থেকে নিরাপদে বেরিয়ে আসার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, পরবর্তী সময়ে অভিভাবকদের সঙ্গে বসে বিষয়টি আনুষ্ঠানিকভাবে সবার সামনে তুলে ধরবেন।