বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আবারও বিতর্কিত বক্তব্য দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে গণতন্ত্র দীর্ঘস্থায়ী হয় না। এ প্রসঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণও টেনেছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিলীপ ঘোষ এসব মন্তব্য করেন। এ সময় পশ্চিমবঙ্গ পুলিশের ‘এনকাউন্টার’ নীতি নিয়ে সমালোচনাকারীদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও কারাবাসের প্রসঙ্গ তুলে বিজেপির এই নেতা তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দিলীপ ঘোষ বলেন, চিন্ময় কৃষ্ণ দাস এখন আন্তর্জাতিকভাবে পরিচিত একটি নাম। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁর দিকে তাকিয়ে আছেন। বিশ্বের বিভিন্ন মহলও তাঁর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আগ্রহী।

এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন দিলীপ ঘোষ।

বাংলাদেশে রাজনৈতিক  অস্থিরতার কারণ জানতে চাইলে তিনি বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে গণতন্ত্র স্থায়ী হওয়ার নজির নেই। ভারত দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক ব্যবস্থা ধরে রাখতে পারলেও বাংলাদেশ ও পাকিস্তানে তা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, দেশ দুটিতে কখনো একনায়কতন্ত্র, আবার কখনো সামরিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অভিযোগ তুলে দিলীপ ঘোষ আরও বলেন, দেশটিতে প্রশাসনিক শূন্যতা ও বিশৃঙ্খলা বিরাজ করছে। ধর্মের আড়ালে একদল দুর্বৃত্ত লুটপাট এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে বলে দাবি করেন তিনি।

পাকিস্তানের প্রসঙ্গ টেনে বিজেপির এই নেতা বলেন, দেশটিতে সংখ্যালঘুদের অবস্থার যে অবনতি হয়েছে, বাংলাদেশেও একই ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে গণতন্ত্র নিয়ে দিলীপ ঘোষের এমন সাধারণীকরণমূলক মন্তব্য নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে।

BHB
আরও পড়ুন
সর্বশেষপঠিত