দেশের অবকাঠামো, যোগাযোগ, পানি নিষ্কাশন ও কৃষি খাতের উন্নয়নে ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পের মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, খাল-নদী খনন, নদীভাঙন রোধ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ করা হবে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১০ কোটি টাকা ব্যয় করা হবে।
গ্রামীণ সড়ক ও সেতুতে সর্বোচ্চ বরাদ্দ
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণে। ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত বাস্তবায়নকাল নির্ধারণ করে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা।
এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ও সেচ সুবিধা সম্প্রসারণে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুনের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নেও নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণে ব্যয় হবে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হবে। এর মধ্যে সরকার দেবে ৯৮৩ কোটি ৬৪ লাখ টাকা এবং ঢাকা ওয়াসা বহন করবে বাকি ১০ কোটি টাকা।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্প
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে ফরিদপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা, সিলেট বিভাগের চার জেলায় ৫ হাজার ১০৬ কোটি টাকা এবং বৃহত্তর যশোর জেলার উন্নয়নে ২ হাজার ১৯৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
অন্যদিকে, জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা এবং পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনীতে ১০৫ কোটি ৯৮ লাখ টাকা ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।
নদীভাঙন রোধ ও পানি ব্যবস্থাপনায় গুরুত্ব
পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পও একনেকের অনুমোদন পেয়েছে। জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন ঠেকাতে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় করা হবে। এ ছাড়া বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন প্রতিরোধে ৯৩৮ কোটি ২৫ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে।
মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণে ৫৬৭ কোটি ৪ লাখ টাকা ব্যয়ের আরেকটি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা প্রকল্প ঋণ থেকে সংস্থান করা হবে।
কৃষি খাতের উন্নয়নে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ ব্যবস্থার সম্প্রসারণে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। পাশাপাশি ঢাকা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসন সংকট নিরসনে অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে ৪৯৫ কোটি ৯ লাখ টাকা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক উন্নত মান ও প্রশস্ততায় নির্মাণে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। একই মন্ত্রণালয়ের আরেকটি প্রকল্পের আওতায় মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করতে ব্যয় হবে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকা।
এদিকে, ৫০ কোটি টাকার কম ব্যয়সম্পন্ন আরও ১৪টি প্রকল্পের বিষয়ে একনেক সভায় অবহিত করা হয়। এসব প্রকল্প ইতোমধ্যে পরিকল্পনামন্ত্রীর অনুমোদন পেয়েছে।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে দেশের ব্যাংক খাত
এভাবে চলতে থাকলে ‘টুঙ্গিপাড়ায় নেমে আসবে ৭৪-এর দুর্ভিক্ষ’
শেনজেনে ট্রাম্প, শহরজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা