বলিউডের ভাইজান সালমান খানের পর এবার সুপারস্টার আমির খানকে হত্যার হুমকি দিয়েছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্ট ও ভয়েস নোটের মাধ্যমে আমির খানকে এ হুমকি দেওয়ার তথ্য সামনে এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই নামের এক ব্যক্তির পক্ষ থেকে এই হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। ওই পোস্টে আমির খানের বিরুদ্ধে তথাকথিত ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ তোলা হয়। তাদের দাবি, অভিনেতার কর্মকাণ্ড তাদের সংস্কৃতি, দেশ ও সনাতন ধর্মের বিরোধী।
পোস্টে আরও বলা হয়, আমির খানকে আর সহ্য করা হবে না এবং এর জন্য তাকে শিগগিরই পরিণতি ভোগ করতে হবে।
পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, ফেসবুক পোস্ট ও একটি ভয়েস নোটের মাধ্যমে হুমকির বিষয়টি জানতে পারে মুম্বাই পুলিশ। বর্তমানে বিষয়টির সত্যতা যাচাই করে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে এখন পর্যন্ত আমির খান বা তার টিমের পক্ষ থেকে থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জানিয়েছে, অভিনেতার পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
লরেন্স বিষ্ণোই গ্যাং দীর্ঘদিন ধরেই বলিউড অভিনেতা সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের পর এই গ্যাংটি ব্যাপক আলোচনায় আসে।
বিষ্ণোই সম্প্রদায়ের দাবি, ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় সালমান খানের বিরুদ্ধে তাদের ক্ষোভ তৈরি হয়। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে এই হরিণ পবিত্র হিসেবে বিবেচিত।
এরপর ২০২৪ সালের এপ্রিলে সালমান খানের মুম্বাইয়ের বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। একই বছর সালমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের সঙ্গেও বিষ্ণোই গ্যাংয়ের সম্পৃক্ততার অভিযোগ সামনে আসে।
আমির খানকে দেওয়া সর্বশেষ হুমকির ঘটনায় এখন নজর রয়েছে মুম্বাই পুলিশের তদন্তের দিকে।