গত বছর বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান-এ ইতিহাস গড়েছিল আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। প্রথম বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে স্বর্ণপামের প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার পাশাপাশি জিতে নিয়েছিল ‘স্পেশাল মেনশন’ সম্মাননা। এরপর বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা ও পুরস্কার দুটোই কুড়িয়েছে ছবিটি।
সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার যুক্ত হয়েছে নতুন অর্জন। ‘সাউথ বাই সাউথওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) লন্ডন’ উৎসবের শর্ট ফিল্ম প্রাইজ জিতেছে ‘আলী’। গতকাল আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে উৎসব কর্তৃপক্ষ।
পুরস্কার ঘোষণার বার্তায় আয়োজকরা লিখেছেন, দারুণ খবর! উপকূলীয় এক অঞ্চলে নারীদের গান গাওয়া নিষিদ্ধ এমন এক গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রটি আমাদের শর্ট ফিল্ম পুরস্কার জিতে নিয়েছে।
এই অর্জনের ফলে নির্মাতা আদনান আল রাজীব তার পরবর্তী প্রকল্পের জন্য ১০ হাজার মার্কিন ডলার মূল্যের পোস্ট-প্রোডাকশন সুবিধা পাবেন। ছবিটি নিয়ে জুরি বোর্ডের মন্তব্যও ছিল প্রশংসায় ভরপুর। তাদের ভাষ্য, একজন নির্মাতার প্রথম কাজ থেকেই এমন মৌলিক গল্প বলার ধরণ ও নির্মাণশৈলী সত্যিই বিস্ময়কর।
পুরস্কার জয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন আদনান আল রাজীব। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আলী’ আবারও একটি পুরস্কার জিতল। এটি সত্যিই অসাধারণ একটি খবর। উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ।
উল্লেখ্য, ‘আলী’ চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন। নারীর কণ্ঠ, সামাজিক বিধিনিষেধ এবং ব্যক্তিস্বাধীনতার প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ইতোমধ্যেই আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে।