আরবে রেড সি চলচ্চিত্র উৎসব স্থগিত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

‘লজিস্টিক জটিলতার’ কারণে ২০২৬ সালের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত করেছে সৌদি আরব। আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর জেদ্দায় উৎসবটির ষষ্ঠ আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের চতুর্থ প্রান্তিকে আয়োজন করা হবে এবারের আসর।

সোমবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে রেড সি ফিল্ম ফাউন্ডেশন। আন্তর্জাতিক পরিসরের এত বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থা ও উৎসবের সময় নির্ধারণের বিভিন্ন দিক পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। বিবৃতিতে আরো বলা হয়েছে, এমন একটি সময় ও পরিবেশে উৎসব আয়োজন করতে চায় তারা, যাতে রেড সি চলচ্চিত্র উৎসব যে বিশেষ অভিজ্ঞতার জন্য পরিচিত, তা দর্শক, নির্মাতা ও অংশগ্রহণকারীদের সামনে যথাযথভাবে তুলে ধরা সম্ভব হয়।

আয়োজকদের এই ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটছে। পাশাপাশি চলমান সংঘাতের কারণে ইয়েমেনের উপকূলসংলগ্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। তবে উৎসব স্থগিতের সঙ্গে এসব নিরাপত্তা পরিস্থিতির কোনো সম্পর্ক আছে বলে জানায়নি রেড সি ফিল্ম ফাউন্ডেশন।

ষষ্ঠ আসর স্থগিত হলেও বছরজুড়ে ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রম চালু থাকবে। এর মধ্যে রয়েছে রেড সি ফান্ড, রেড সি ল্যাবসসহ বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি। এ ছাড়া ২০২৬ সালের নভেম্বর থেকে ঐতিহাসিক জেদ্দার কালচার স্কয়ারে বছরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক ও চলচ্চিত্রভিত্তিক আয়োজন শুরু করার কথা জানিয়েছে ফাউন্ডেশন। বিবৃতিতে নির্মাতা, অংশীদার, অতিথি ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকরা জানিয়েছে, ২০২৭ সালে সফলভাবে উৎসব আয়োজনের প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছে তারা।

সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র আয়োজন হিসেবে পরিচিত রেড সি চলচ্চিত্র উৎসব। আরববিশ্বসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র, উদীয়মান নির্মাতা এবং চলচ্চিত্রশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অংশগ্রহণে প্রতিবছর জেদ্দার ঐতিহাসিক আল-বালাদ এলাকায় বসে এই উৎসবের আসর। ২০১৯ সালে উৎসবটির যাত্রা শুরু হলেও প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০২০ সালে। সৌদি আরবে ৩৫ বছরের নিষেধাজ্ঞার পর বাণিজ্যিক সিনেমা হল চালু হওয়ার দুই বছর পর আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।

এরপর থেকে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে সৌদি আরবের অবস্থান শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে রেড সি চলচ্চিত্র উৎসব।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত