মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০২:০৪ পিএম

অস্ট্রেলিয়ার মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (এমআইএফএফ) ‘এশিয়া প্যাসিফিক’ বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। আগামী ৬ থেকে ২৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবে সিনেমাটির দুটি প্রদর্শনী হবে ৭ ও ১১ আগস্ট।

এর আগে চলতি বছরের মে মাসে অস্ট্রেলিয়ার সিডনি চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত সিনেমাটি।

বিশ্বখ্যাত নির্মাতা পেড্রো আলমোদোভার ও রিউসুকে হামাগুচির মতো পরিচালকদের সিনেমার সঙ্গে নিজের চলচ্চিত্র প্রদর্শিত হওয়াকে আনন্দের ও গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। তিনি বলেন, এই অর্জন পুরো কাস্ট ও কলাকুশলীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

‘মাস্টার’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া শিক্ষক জহিরের জীবন ও মানসিক পরিবর্তনকে ঘিরে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ক্ষমতার চাপ, সুবিধাবাদী গোষ্ঠীর প্রত্যাশা ও রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়ে কীভাবে একজন আদর্শবাদী মানুষের চিন্তাধারায় পরিবর্তন আসে, তা তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

১২২ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন সাব্বির হোসেন শোভন ও রেজওয়ান শাহরিয়ার সুমিত। এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল ও মাহমুদ আলম।

সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন তুহিন তামিজুল। প্রোডাকশন ডিজাইনে ছিলেন ভারতের জোনাকি ভট্টাচার্য এবং সংগীত পরিচালনা করেছেন তাইওয়ানের হাও টিং শিহ।

মাইপিক্সেলস্টোরি ব্যানারে নির্মিত ‘মাস্টার’ এর আগে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানজনক ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ অর্জন করে।

AM
আরও পড়ুন