দেশীয় চলচ্চিত্রে ভৌতিক ঘরানার বড় আয়োজন হিসেবে আসছে রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’। একঝাঁক তারকার অংশগ্রহণে নির্মিত এই সিনেমা নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। এবার সিনেমাটির যাত্রা শুরুর আনুষ্ঠানিক ইঙ্গিত দিলেন নির্মাতা।
রোববার (২৬ জুলাই) সামাজিক মাধ্যমে ‘আন্ধার’-এর একটি কনসেপ্ট পোস্টার প্রকাশ করে রায়হান রাফী লিখেছেন, “এতদিন আমরা আড়ালে কাজ করেছি। চেষ্টা করেছি একটা ছবি বানাতে, যেটা আপনাদের সম্পূর্ণ নতুন এক্সপেরিয়েন্স দেবে। এখন ধীরে ধীরে সব আন্ধার থেকে আলোয় আসবে, আপনাদের সামনে। ‘আন্ধার’-এর যাত্রা শুরু হতে যাচ্ছে। আপনারা সঙ্গে আছেন তো?”
প্রকাশিত পোস্টারে দেখা যায়, রাতের অন্ধকারে নির্জন একটি রাস্তার পাশে আলো জ্বালানো ছোট্ট একটি দোকান ও একটি হলুদ রঙের জিপ। নিচে বড় অক্ষরে লেখা ‘ANDHAR’, আর তার নিচে ইংরেজিতে ‘THE JOURNEY BEGINS’।
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে দর্শক ও ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। মন্তব্যে অনেকে সিনেমাটির জন্য শুভকামনা জানিয়েছেন। আবার কেউ কেউ টিজার ও ট্রেলার প্রকাশের অপেক্ষার কথাও জানিয়েছেন।
গত বছর ‘আন্ধার’-এর ঘোষণা দেওয়া হয়েছিল। তখনই জানানো হয়, সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাবে। এরই মধ্যে শুটিং ও ডাবিংয়ের কাজ শেষ হয়েছে। বর্তমানে ভারতের মুম্বাইয়ের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ছবিটির পোস্ট-প্রোডাকশন ও সম্পাদনার কাজ চলছে। এই কাজে নির্মাতা রায়হান রাফী এবং আদনান আদিব খানও সেখানে অবস্থান করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’।
সিনেমাটির মূল গল্প নির্মাণ করেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। ভূত নিয়ে দীর্ঘদিনের গবেষণা এবং রেডিও অনুষ্ঠান ‘ভৌতিস্ট’ পরিচালনার অভিজ্ঞতা থেকে তারা গল্পটি তৈরি করেছেন। গল্প ও চিত্রনাট্যে যুক্ত আছেন আদনান আদিব খানও।
‘আন্ধার’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিন। পাশাপাশি এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তরুণ দুই শিল্পী ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।