ছয় বছর আগে নির্মিত বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’ এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে। জসিম উদ্দিনের প্রযোজনায় কলকাতার নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী। বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি।
২০২৩ সালে বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পায় ‘মায়ার জঞ্জাল’। তবে মুক্তির অনেক আগে থেকেই চীন, রাশিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রদর্শনী হয়।
ইতালির রোমে অনুষ্ঠিত ‘এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’ বিভাগে এটি সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জুরি অ্যাওয়ার্ড পায়। এ ছাড়া যুক্তরাজ্যের লন্ডনে ‘রেইনবো চলচ্চিত্র উৎসব’-এ ছবিটি সেরা চলচ্চিত্রের সম্মাননা জয় করে। পাশাপাশি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান কমপিটিশন বিভাগে প্রতিযোগিতা করে এটি সেরা চিত্রনাট্যের পুরস্কার লাভ করে।
সোমবার রাতে চলচ্চিত্রটি ওটিটিতে আসার খবর দেয় চরকি। জানানো হয়, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে চরকিতে দেখা যাবে সিনেমাটি।
এদিকে, ওটিটিতে সিনেমাটি মুক্তির খবর জানিয়ে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সামাজিক মাধ্যমে লেখেন, ছবিতে তার স্ত্রীর ভূমিকায় অপি করিম অত্যন্ত অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল (সোহেল রানা) ও অমিত সাহাসহ একঝাঁক গুণী শিল্পী। সোহেল মণ্ডলের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ঋত্বিক জানান, এই সিনেমার মাধ্যমেই তাদের প্রথম আলাপ এবং একসঙ্গে কাজ করা।
উল্লেখ্য, মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’। অপি করিম ও ঋত্বিক চক্রবর্তী ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, ওপার বাংলার গুণী অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। বাংলাদেশের ভিউস অ্যান্ড ভিশনস এবং কলকাতার প্রতিষ্ঠান ফ্লিপবুক যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে।
যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পৌঁছে দিচ্ছেন ইয়েমেনি নারীরা
দাম বাড়ার দৌড়ে বেতন কতটা পিছিয়ে?