খলনায়ক মিশার বাসায় জমলো নায়কদের আড্ডা

ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশক মানেই এক সোনালি অধ্যায়। ওমর সানী, মিশা সওদাগর, আমিন খান ও অমিত হাসান-ঢাকাই সিনেমার জনপ্রিয় চার অভিনয় তারকা। তৎকালীন ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয়তা পাওয়া তারকাদের বন্ধুত্বের গল্প এখনো দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। সময়ের সঙ্গে ব্যস্ততা ও জীবনের নানা বাস্তবতায় অনেকেই ছড়িয়ে পড়েছেন ভিন্ন ভিন্ন জায়গায়। তবে, সুযোগ পেলেই পুরোনো বন্ধুত্বের টানে একসঙ্গে হন তারা। 

সময়ের পরিক্রমায় ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে পরিবর্তন এলেও তাদের বন্ধুত্বের সম্পর্ক এখনো অটুট রয়েছে। এবার তেমনই এক আড্ডার গল্প শেয়ার করেছেন চিত্রনায়ক ওমর সানি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নব্বইয়ের দশকের সহকর্মী ও বন্ধু অমিত হাসান, আমিন খান ও মিশা সওদাগরকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তিনি। 

পোস্টে ওমর সানি লিখেছেন, ‘আমাদের বন্ধু অমিত হাসান প্রবাস জীবন করছেন আপাতত। আমি আর আমিন খান বাংলাদেশে পড়ে আছি। আর বন্ধু মিশা সওদাগর আসা-যাওয়ার মধ্যেই সময় কেটে যায় প্লেনের মধ্যে, অনেক জ্বালা।’ 

বন্ধু অমিত হাসান দেশে আসার পর মিশা সওদাগর তাদের নিজের বাসায় দাওয়াত দেন বলেও জানান ওমর সানি। সেই দাওয়াতকে ঘিরেই পুরোনো দিনের বন্ধুদের আবার একসঙ্গে হওয়ার সুযোগ তৈরি হয়। 

ওমর সানির ভাষায়, ‘অমিত আসার পর মিশা সওদাগর আমাদের দাওয়াত দিল তার বাসায়। আর হয়ে গেলাম ৯০ দশকের ভালোবাসার ইতিহাস।’ 

মিশা সওদাগরও চার বন্ধুর একটি ছবি পোস্ট করে জানিয়েছেন প্রবাস থেকে দেশে ফেরা অমিত হাসানের সম্মানে হঠাৎ তার এই আয়োজন। তিনি ছবির ক্যাপশনে লেখেন, ‌‘অনেকদিন পর চার বন্ধু একসঙ্গে আমার বাসায়। ছোট্ট একটা আয়োজন অমিতের সম্মানে।’ 

ওমর সানির এই পোস্টের পর নব্বইয়ের দশকের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে নস্টালজিয়া। প্রিয় তারকাদের একসঙ্গে দেখার স্মৃতি মনে করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন।