ইতালিতে বাঁধনের ওপর হামলা : থানায় অভিযোগ

ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্থানীয় সময় সোমবার রাতে একদল প্রবাসী তাকে লক্ষ্য করে পানি ও পচা ডিম নিক্ষেপ করে হেনস্তা ও হামলা করে।

ঘটনার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন বাঁধন। 

অভিযোগ করে তিনি জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন সমর্থন করায় ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কিছু ব্যক্তি এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা নিজেদের ছাত্রলীগ কর্মী দাবি করে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে তেড়ে যাচ্ছে। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে পরিকল্পিতভাবে তার ওপর রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হেনস্তার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রতিকার চেয়ে ইতোমধ্যে ভেনিসের স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই অভিনেত্রী। তবে ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের কোনো রাজনৈতিক বক্তব্য পাওয়া যায়নি।

‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এই অভিনেত্রী বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। উৎসবে তার ওপর এ ধরনের আক্রমণের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে।