‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে বাদ র‍্যাপার ম্যাকলেমোর

ফিলিস্তিনের পক্ষে মন্তব্য করায় কনসার্ট ট্যুর থেকে বাদ পড়েছেন আমেরিকান র‍্যাপার ম্যাকলেমোর। এই সিদ্ধান্তের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রমোটারকে সরাসরি দায়ী করেছেন পপ তারকা এড শেরান।

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামের এক পোস্টে শেরান জানান, পুরো বিষয়টি পরিষ্কার করার জন্যই তিনি এ তথ্য তুলে ধরেছেন।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এক পারফর্ম্যান্সে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান এবং ফিলিস্তিনপন্থী মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন ম্যাকলেমোর।

এর পরপরই বিভিন্ন ভেন্যু কর্তৃপক্ষ জানায়, ম্যাকলেমোর ট্যুরে থাকলে তারা ভবিষ্যতের নির্ধারিত শো বাতিল করবে। বাধ্য হয়ে প্রমোটাররা তাকে ট্যুর থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

ঘটনার পর এড শেরানের সাথে সংহতি জানিয়ে তাঁর সফর থেকে সরে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন শিল্পী। আইরিশ গায়ক অ্যারন রো, ব্যান্ড বিওগা, ডেনিশ ব্যান্ড লুকাস গ্রাহাম এবং সঙ্গীতশিল্পী ফিনিয়াস ম্যাকলেমোরের সমর্থনে এই সিদ্ধান্ত নেন।

এদিকে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস-এর মালিক রবার্ট ক্রাফট জানান, তিনি শেরানের ওপর চাপ সৃষ্টি করেছিলেন ম্যাকলেমোরকে বাদ দেওয়ার জন্য।

জিলিট স্টেডিয়ামে ম্যাকলেমোরকে নিষিদ্ধ করার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর বক্তব্য ইহুদি বিদ্বেষ ছড়ায়। তবে এটি নিরপরাধ ফিলিস্তিনিদের প্রতি অস সম্মান নয় বলেও তিনি দাবি করেন।

শেরান স্পষ্ট জানান, এই সিদ্ধান্তের পেছনে তাঁর কোনো হাত ছিল না এবং তিনি কোনো রাজনৈতিক ফোরামের অংশ হতে চান না। তিনি কনসার্টকে একটি নিরাপদ ও নিরপেক্ষ জায়গা হিসেবে রাখতে পছন্দ করেন।

অন্যদিকে ম্যাকলেমোর জানান, ব্যক্তিগতভাবে এড শেরানের সাথে তাঁর বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকলেও রাজনৈতিক বিষয়ে তাঁদের চিন্তাধারা ভিন্ন।

সূত্র: আল জাজিরা