পাকিস্তানি ব্যান্ড কাভিশের ঢাকার কনসার্ট নিরাপত্তাজনিত কারণে আগেও স্থগিত হয়েছিল। প্রায় ১০ মাস পর আগামী ২৬ সেপ্টেম্বর সেই আয়োজন হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে আবারও তা স্থগিত করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার কারণে নির্ধারিত সময়ে কনসার্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।
‘কাভিশ লাইভ ইন ঢাকা’ শিরোনামের এ কনসার্টে কাভিশের সঙ্গে একই মঞ্চে বাংলাদেশের ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলের পারফর্ম করার কথা ছিল। দীর্ঘ অপেক্ষার পর আয়োজনটি ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। তবে অনুষ্ঠান শুরুর কয়েক দিন আগে স্থগিতের ঘোষণা আসে।
এক বিবৃতিতে আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস জানায়, প্রয়োজনীয় প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠান আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ২৬ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারিত ‘কাভিশ লাইভ ইন ঢাকা’ অনুষ্ঠিত হবে না। পরিস্থিতি আয়োজকদের নিয়ন্ত্রণের বাইরে উল্লেখ করে দর্শকদের অসুবিধা ও হতাশার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন সাপেক্ষে যত দ্রুত সম্ভব কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে। আগে যারা কনসার্টের টিকিট কিনেছেন, তাদের টিকিট নতুন তারিখের অনুষ্ঠানেও কার্যকর থাকবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। ২৬ সেপ্টেম্বরের আয়োজন স্থগিত হলেও কাভিশকে ঢাকার মঞ্চে আনার পরিকল্পনা বাতিল হয়নি। নতুন তারিখ ঘোষণার অপেক্ষায় থাকতে হবে দর্শকদের।
শিল্পকলার মহাপরিচালকের দায়িত্বে হারুন-অর-রশীদ
অবসরের ভাবনা থেকে সরে এলেন রোনালদো