জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা ফজলুল হক মারা গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে বাবার মৃত্যুর খবরটি নিজেই জানান তিনি। সংক্ষিপ্ত পোস্টে সালমা লেখেন, আমার আব্বা আর নেই।
ফজলুল হকের মৃত্যুর কারণ এবং জানাজা ও দাফনের সময়-স্থান সম্পর্কে পরিবারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে সাম্প্রতিক সময়ে নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমা। কিছুদিন আগে ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে তাঁর দ্বৈত গান ‘প্রেম লীলা’ প্রকাশিত হয়েছে। গ্রামবাংলার ঐতিহ্য ও ভালোবাসার গল্পকে কেন্দ্র করে নির্মিত গানটির ভিডিওও দর্শকদের প্রশংসা পেয়েছে।
দীর্ঘ বিরতির পর গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ শিরোনামের একটি লালনগীতিতে কণ্ঠ দিয়েছেন সালমা। গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের পরিকল্পনা রয়েছে।
এর পাশাপাশি রোহান রাজের জনপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’-এর নতুন সংগীতায়োজনেও অংশ নিয়েছেন এই শিল্পী। সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজের সঙ্গে গানটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গানটি প্রকাশের কথা রয়েছে।