পাকিস্তানি সুপারস্টার ও ‘তেরে বিন’ নাটক খ্যাত অভিনেতা ওহাজ আলী প্রথমবার বাংলাদেশে আসছেন। আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশে আসার এই সুসংবাদটি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। তিনি বাংলাদেশি ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ঢাকাবাসীর সঙ্গে দেখা করা ও নতুন স্মৃতি তৈরির জন্য তিনি উন্মুখ হয়ে আছেন।
আয়োজক সূত্রের তথ্যমতে, এটি মূলত একটি ফ্যাশন প্রদর্শনী হতে যাচ্ছে, যেখানে সমাপনী পর্বে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন ওহাজ। ইভেন্টে অংশ নেওয়া দর্শকদের মধ্যে থেকে ‘লাকি ড্র’-এর মাধ্যমে নির্বাচিত নির্দিষ্ট কিছু ভক্ত ওহাজ আলীর সঙ্গে সরাসরি দেখা করার সুবর্ণ সুযোগ পাবেন।
পাকিস্তানি ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ওহাজ আলী ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে মূল চরিত্রে অভিনয় শুরু করেন। এর পর ‘ফিতুর’, ‘ইশক জালেবি’ ও ‘জো বিছার গায়ে’-এর মতো নাটকগুলোতে অভিনয় করে দারুণ সমালোচক প্রশংসা কুড়ান তিনি।
তবে ২০২২ সালে প্রচারিত রোমান্টিক ড্রামা ‘তেরে বিন’-এ ‘মুরতাসিম খান’ চরিত্রে অভিনয় তাকে দক্ষিণ এশিয়াজুড়ে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। নাটকটিতে অভিনেত্রী ইয়ুমনা জায়েদির সাথে তার অনস্ক্রিন কেমিস্ট্রি বাংলাদেশ ও ভারতের দর্শকদের হৃদয় জয় করে নেয়।