ফেনীতে বাবার অটোরিকশা নিয়ে বের হয়ে মাদরাসাছাত্র নিখোঁজ 

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ এএম

ফেনীতে বাবার অটোরিকশা নিয়ে বের হয়ে মাশুকুর রহমান ইমন (১৫) নামে এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকায়।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মাদরাসা থেকে বাসায় ফেরে ইমন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে সে আর ফেরেনি।

পরদিন মঙ্গলবার সকালে ফতেহপুর এলাকায় রাস্তার পাশ থেকে ব্যাটারি ছাড়া পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। তবে ইমনের সন্ধান মেলেনি।

ইমনের বাবা শহীদুল ইসলাম সুজন জানান, ছেলে মাঝেমধ্যে রিকশা নিয়ে বের হতো। সাম্প্রতিক সময়ে এক বন্ধুর সঙ্গে তার মনোমালিন্যের কথা শোনা গেলেও বিষয়টি নিশ্চিত নয়।

ছেলের নিখোঁজের ঘটনায় ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইমনের বাবা। নিখোঁজের সময় তার পরনে প্যান্ট ও গেঞ্জি ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ডায়েরির ভিত্তিতে নিখোঁজ ছাত্রকে উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এইচএন
আরও পড়ুন