আগামী ৪ দিন আবহাওয়া যেমন থাকবে

গত কয়েক দিন ধরে চলা কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির দাপট এখনই কমছে না। দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতে প্রাণহানির খবরের মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪ দিন দেশজুড়ে ঝড়-বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকবে। এর মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রোববার (৩ মে) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রোববার (৩ মে) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে।

সোমবার (৪ মে): সারাদেশের সব বিভাগেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (৫ মে): বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৬ মে): দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু জায়গায় মাঝারি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

বৃহস্পতিবার (৭ মে): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ঝড়-বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। অন্যান্য বিভাগেও দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,  ৪ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমতে শুরু করবে এবং দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে।

কালবৈশাখীর সময় আকাশে কালো মেঘ দেখা দিলে বা বিদ্যুৎ চমকালে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। খোলা আকাশের নিচে বা গাছের নিচে না দাঁড়ানোর জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।