তিস্তা-ধরলায় বন্যার আশঙ্কা, সতর্কবার্তা

দেশের উত্তরাঞ্চলের চার জেলায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

একই সময়ে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের আরও কয়েকটি জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে, যার ফলে সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (২০ জুন) প্রকাশিত বন্যা সতর্কবার্তায় বলা হয়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। এ ছাড়া নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলার ভুগাই-কংস ও সোমেশ্বরী নদী এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। এ সময়ে নদীগুলো সিলেট ও সুনামগঞ্জ জেলার অংশে সতর্কসীমায় প্রবাহিত হয়ে সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে। একইভাবে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলও বৃদ্ধি পেয়েছে এবং আগামী ৭২ ঘণ্টায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম ও কংস নদীর পানি সমতল হ্রাস পেলেও ভুগাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিনে এসব নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে এবং নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।