উত্তরাঞ্চলের ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম

দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিনে আবারও বৃদ্ধি পেতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীতীরবর্তী নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দেওয়া পূর্বাভাসে বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় এই পাঁচ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এছাড়া আগামী ৫ দিনে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু স্থানে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

অন্যদিকে, উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে পানি আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানিও বিপৎসীমার ওপর দিয়ে বইছে।

আবহাওয়া পরিস্থিতি নিয়ে পাউবো জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে ভারতের ওডিশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে টেকনাফে। এছাড়া ভারতের মেঘালয় অঞ্চলেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হওয়ায় উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

SN
আরও পড়ুন