দিনের শুরু থেকেই মেঘে ঢাকা রাজধানীর আকাশ। এমন পরিস্থিতিতে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। রোববার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সন্ধ্যা ৫টা ১১ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১৯ মিনিটে।